চাঁদপুরে মুজিববর্ষে গৃহ পাবে ১১৫ পরিবার
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই ব্রিফিং এর আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে এদেশে কেউ গৃহহীন থাকবে না। তারই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি গ্রহন করা হয়েছে। বর্তমানে এদেশের জনগণ জানে যে কি পরিমান উন্নয়ন হচ্ছে দেশের। নতুন দিগন্ত শুরু হয়েছে। সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি করে দেয়া হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, কোন কিছু এককভাবে করার সুযোগ নেই। সমন্বিতভাবেই সবকিছু করা হচ্ছে। যখন থেকে আশ্রয় প্রকল্প তৈরি হয়, তখন থেকেই বিভিন্ন নির্দেশনা থাকে। যারা কিনবে তারা যেন সচেতন থাকে। কারণ এটা আইনত নয়। এসব বাড়ী হস্তান্তর যোগ্য নয় বলেও রেজিস্ট্রিতে লেখা রয়েছে।
তিনি আরো বলেন, অপরাধ প্রবনতার জন্যে গ্রাম পুলিশের ব্যবস্থা রয়েছে। তারা আমাদের অনেক গুরুত্বপূর্ণ সোর্স। যাদেরকে ঘর বরাদ্দ দেয়া হয়েছে তাদের জীবন সুস্থ জিবন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুর জেলাকে আরো সুন্দর করে গড়ে তুলবো। এ প্রকল্পের আওতায় চাঁদপুর জেলায় ১১৫ টি ঘর প্রদান করা হবে। তারমধ্যে চাঁদপুর সদরে ৪০টি, মতলব দক্ষিণ উপজেলায় ২৫টি, মতলব উত্তর উপজেলায় ৫টি, কচুয়া উপজেলায় ১৫টি, শাহরাস্তি উপজেলায় ৫টি, হাজীগঞ্জ উপজেলায় ৫টি ও হাইমচর উপজেলায় ২০টি ঘরের বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণ ব্যায় ১লাখ ৭১ হাজার টাকা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বণিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী, রহিম বাদশা, গোলাম কিবরিয়া জিবন, কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, এমএ লতিফ, কেএম মাসুদ ও তালহা যুবায়ের প্রমূখ।
এসময় চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলামসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যম কর্মরত সাংবাদিকবৃন্দ।
আগামী শনিবার (২৩ জানুয়ারি) সকালে সারাদেশে একযোগে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








