চাঁদপুরে মাস্ক না পরায় ১শ’ ১৩জনকে জরিমানা
করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এবং মাস্ক পরা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে পৃথক অভিযানে ১০৫ মামলায় ১শ’ ১৩জনকে ১৪ হাজার ৪শ’ ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শহরের ইলিশ চত্বর ও লঞ্চঘাট এবং বাবুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, মঞ্জুর মোর্শেদ ও উজ্জল হোসেন।
করোনা সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশান আসার পর থেকেই চাঁদপুরে শুরু হয়েছে ভ্রাম্যমান আদালতের অভিযান। এসব অভিযান তত্ত্বাবধান করে আসছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অভিযানে তত্ত্বাবধানকালে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সারাদেশের ন্যয় চাঁদপুরেও দ্বিতীয় ঢেউ-এ করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। তারই প্রেক্ষিতে চাঁদপুরের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে গত এক সপ্তাহ ধরে মাস্ক পরা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পাশপাশি সকলকে মাস্ক পরা ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতন করা হচ্ছে। অভিযানকালে যারা স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের মধ্যে কিছু কিছু ব্যাক্তির অর্থদন্ড দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে গত সোমবার (১৬ নভেম্বর) রাতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আরো কঠোর হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তারই প্রেক্ষিতে আজ সকাল থেকে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও জেলার বাকী উপজেলাগুলোতে সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।
অভিযানকালে ১০৫টি মামলায় উল্লেখিত ব্যাক্তিদের জরিমানা করা হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশ ও আনসার বিডিপি সদস্যরা সহায়তা করেন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত এরিয়া চলাচলকৃত ছোট-বড় যানবাহনে ‘নো মাস্ক, নো প্যাসেঞ্জার’ স্টীকার লাগানো হয়।








