চাঁদপুরের পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েলকে চাঁদপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা জানানো হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্ল্যাহর পরিচালনায় সংবর্ধনা শেষে বক্তব্য প্রদানকালে নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, অসঙ্গতি ধরিয়ে দেয়া ও সমালোচনা করার সাংবাদিকদের একটি দায়িত্ব। আপনারা অবশ্যই সমালোচনা করবেন। এমনকি আমার সমালোচনাও সামনাসামনি করবেন। আমি কানকথা শুনবো, কানকথা কানেকানে শুনার নিয়ম। তবে, কানকথা শুনে যেটা সঠিক সেটিই গ্রহণ করবো।

চাঁদপুর পৌরসভাকে একটি নান্দনিক, পর্যটন, বাসযোগ্য ও ব্যবসানির্ভর পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই। আপনারা যারা সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে সহযোগিতা চাই। আমি মনে করি, আপনারা সহযোগিতা করলে আমি স্বপ্ন পূরণ করতে পারবো।

তিনি আরো বলেন, শহরের যানজট নিরসনে আমরা প্রথমে অবৈধ অটোরিকশা গুলো বন্ধ করে দিবো। এতেও যদি যানজট না কমে, তবে দুই শিফট অথবা ভিন্ন চিন্তা করবো। রাস্তাগুলো প্রশস্ত করার পাশাপাশি বিকল্প রাস্তা করবো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, জালাল চৌধুরী, শহিদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, উন্নয়ন কমিটির সদস্য সচিব মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোশারফ হোসেন লিটন, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ডা: হারুনুর রশীদ সাগর।

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক আলহাজ জুবায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *