পদ্মায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় বড় পাঙাশ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা ও শরীয়তপুর জেলার সীমানায় পদ্মা নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় বড় পাঙাশ মাছ। শুক্রবার রাতে জেলেদের জালে পদ্মা নদীর বিভিন্ন স্থানে এসব মাছ ধরা পড়ছে। শনিবার সকালে মাছগুলো টঙ্গিবাড়ীর হাসাইল স্থানীয় মাছের আড়তে বিক্রি করা হয়। বড় আকৃতির এসব মাছ দেখতে সকালে মাছের আড়তে ভিড় জমান স্থানীয় শত শত মানুষ।
শনিবার সকালে জেলেরা উপজেলার হাসাইল মৎস্য আড়তে মাছ নিয়ে আসেন। মাছগুলো আড়তের মালিকেরা পাইকারদের কাছে বিক্রি করেন। এ ছাড়া দাম নাগালের মধ্যে থাকায় দূর-দূরান্ত থেকে অনেক সাধারণ ক্রেতাও মাছ ক্রয় করেন। একেকটা মাছের ওজন একেক রকম। ১০-১৫ কেজি ওজনের পাঙাশের সংখ্যা বেশি। এসব মাছ প্রতি কেজি ৪০০-৭০০ টাকা দামে বিক্রি হচ্ছে।








