চাঁদপুরে রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি উৎসব সম্পন্ন

স্টাফ রির্পোটার :

দিনব্যাপি নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি উৎসব সম্পনন্ন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ চাঁদপুর রোটারী ক্লাবের নিজস্ব ভবনে চাঁদপুরে রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি উৎসব ও ৪৬তম অভিষেক ২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ।

 এসময় বলেন, সমাজ উন্নয়নে রোটারী ক্লাবের অবদান অসামান্য। বিগত ৫০ বছর ধরে চাঁদপুরে রোটারী ক্লাব শহর থেকে দূরে প্রত্যন্ত গ্রামগুলোতে নানারকম সমাজ সেবামূলক কাজ করে চলেছে। যা অন্যদের সেবামূলক কাজে অনুপ্রাণিত করে। মানবতার সেবায় নিবেদিত রোটারী ক্লাব।

চাঁদপুর রোটারী ক্লাবের ২০২০-২০২১ রোটা বর্ষের সভাপতি রোটাঃ নাসির উদ্দিন খান পিএইচএফ-এর সভাপ্রধানে এবং চাঁদপুরে রোটারী ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত পিএইচএফ-এর সঞ্চালনায়  শিক্ষামন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চাঁদপুরে রোটারীর পঞ্চাশ বছর পূর্তি অর্জন এক অনন্য দৃষ্টান্ত। রোটারীর সেবার মানসিকতার সাথে জাতির জনকের আদর্শের অনেক মিল রয়েছে। জাতির জনক নিজের জীবনকে তুচ্ছ করে দেশ ও জাতির জন্যে আজীবন কাজ করে গেছেন।

তিনি আরো বলেন, মানবতার সেবায় নিবেদিত রোটারী ক্লাবের যাত্রা শুরু হয় ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রে। সে বছর রোটারীর জনক পল পার্সিভাল হ্যারিসের উদ্যোগে ভিন্ন ভিন্ন পেশার মাত্র ৪ জন সদস্য নিয়ে রোটারী আন্তর্জাতিকের পথচলা শুরু হয়। আর চাঁদপুরে রোটারী ক্লাব প্রতিষ্ঠা হয় ১৯৭০ সালের ২০ নভেম্বর। সেই থেকে আজও মানবতার সেবায় নিয়োজিত রয়েছে চাঁদপুরের রোটারিয়ানরা।

তিনি তাঁর বক্তব্য আরো বলেন, সুপেয় পানি, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এগুলো হচ্ছে রোটারীর অন্যতম সেবামূলক কাজ। এ ছাড়াও রোটারীর উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে বিশ্বকে পোলিওমুক্ত করা, আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানীয় ব্যবস্থা, সুবিধাবঞ্চিত মানুষদের জন্যে স্বল্প খরচে চিকিৎসা ও হুইল চেয়ার বিতরণ। এ ছাড়া বর্তমানে প্রতিটি রোটারী ক্লাবই বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণসহ নানামুখি সামাজকি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আরো বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর রোটাঃ পিপি মফিজ উদ্দিন সরকার পিএইচএফ, নতুন বছরের অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ অধ্যাপক গোলাম মোস্তফা, রোটারী ক্লাবের বিদায়ী সভাপতি রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল পিএইচএফ, বিদায়ী সাধারণ সম্পাদক রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।

উল্লেখ্য, চাঁদপুরে রোটারী ক্লাবের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো শুক্রবার (২০ নভেম্বর)সকাল ৭টায় চাঁদপুর পৌর কবরস্থানে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মরহুম রোটারিয়ান ডাঃ নূরুর রহমানের কবর জিয়ারত, সাড়ে ৭টায় চাঁদপুর স্টেডিয়াম থেকে র‌্যালি, সাড়ে ৮টায় ডাকাতিয়ায় নদী ভ্রমণ, বেলা ১১টায় রোটারী ভবনে চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২৬তম অভিষেক অনুষ্ঠান, আড়াইটায় চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৪৬তম অভিষেক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় চাঁদপুরে রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি অনু্ষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *